আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইরাকে আইএসআইএলের অন্যতম শীর্ষস্থানীয় নেতা ‘শাকের ওয়াহিব ফাহদাভি’র নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরাকের সংবাদ সূত্রগুলো। ফাহদাভি, সন্ত্রাসী এ দলটির বহু অপরাধকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল।
ইরাক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে, ‘আর-রামাদি’ অঞ্চলে ইরাক সামরিক বাহিনীর বিমান হামলায় কুখ্যাত এ সন্ত্রাসীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এদেশের সামরিক বাহিনীর মুখপাত্র।
‘রুশাইদ ফালিহ’ জানান : ‘আর-রামাদি অঞ্চলের ‘হিত’ এলাকায় চালানো বিমান হামলায় নিহত হয়েছে আইএসআইএলে’র কুখ্যাত নেতা ‘শাকের ওয়াহিব’। বহুদিন যাবত ইরাক নিরাপত্তা বাহিনীর হাত থেকে পলাতক ছিল সে।
ইরাক সেনাবাহিনী’র পদস্থ এ কর্মকর্তা বলেন : ইরাক সামরিক বাহিনী’র সদস্য এবং সাধারণ জনগণের উপর অমানবিক নির্যাতনসহ বিভিন্ন অপরাধকর্মের সাথে জড়িত ছিল ফাহদাভি।
আইএসআইএলে’র এ নেতা সন্ত্রাসী এ দলটির মাঝে ‘কমান্ডার আবু ওয়াহিব’, ‘মরুর সিংহ’ ইত্যাদি নামে পরিচিতি লাভ করেছিল। ১৯৮৬ সালে জন্মলাভকারী কুখ্যাত এ সন্ত্রাসী আল-আনবার প্রদেশের তথ্য ও প্রযুক্তি বিভাগে গ্রাজুয়েশন সম্পন্ন করতে পারেনি। কারণ গ্রাজুয়েশনের পূর্বেই সে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র আল-কায়েদাতে যোগ দিয়ে ২০০৬ সালে মার্কিন সৈন্যদের হাতে গ্রেফতার হয়।
২০০৯ সালে নাগাদ ফাহদাভি ইরাকের দক্ষিন অঞ্চলের ‘বুকা’ কারাগারে আটক ছিল। এরপর তাকে তাকরিত কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। ২০১২ সালে কারাগার অভ্যন্তরে বিদ্রোহ এবং কারাগারের প্রধান গেইটে আল-কায়েদার হামলার ঘটনায় অপর ১১০ জন কয়েদির সাথে সেও পালাতে সক্ষম হয়।
২০১৩ সালের ২৫শে অক্টোবর ইউটিউবে তার নেতৃত্বে আইএসআইএল সন্ত্রাসীদের নৃশংসভাবে মানুষ হত্যার একটি ভিডিও প্রকাশিত হয়। যাতে ৩ জন সিরিয় ট্রাক ড্রাইভারকে হত্যা করতে দেখা যায়। হতভাগ্য ঐ ড্রাইভারগুলো তাদের সামনে অনুনয় বিনয় করে বলছিল- তারা শুধু এক লোকমা রুটির সন্ধানে বেরিয়েছে, তারা কোন অপরাধ করেনি। এ সময় সে ছাড়া বাকি সকলেই ছিল মুখোশ পরিহিত।
ভিডিওতে আল-ফাহদাভি ঐ ৩ ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করছিল। সে তাদেরকে তাদের মাযহাব সম্পর্কে, সকালের নামায কত রাকাত এবং তারা আযান বলতে পারে কিনা ইত্যাদি বিষয়ে প্রশ্ন করে। অতঃপর তাদের ৩ জনকেই হত্যা করা হয় এবং তাদের ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয়া হয়।#
৯ অক্টোবর ২০১৪ - ১৭:৩৬
News ID: 643287
আইএসআইএলের অন্যতম শীর্ষস্থানীয় নেতার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরাকের সংবাদ সূত্রগুলো।